শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশ আদালতের

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছে আদালত।

সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশ আদালতের

প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। আদালত তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এই আদেশ দেন। সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন কবরস্থান থেকে সালমান শাহর মরদেহ উত্তোলন করা হবে। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত পুরোনো অপমৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় সালমান শাহ’র সাবেক স্ত্রী সামীরা হক, ব্যবসায়ী ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ঘটনার দিন সালমান শাহর পরিবারের সদস্যরা তাকে শয়নকক্ষে নিথর অবস্থায় দেখতে পান। হাসপাতালে নেওয়ার পথে তার গলায় দড়ির দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান বলে দাবি করা হয়েছে। বাদীপক্ষের অভিযোগ, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পরের যোগসাজশে সালমান শাহকে হত্যা করেছেন।

বিজ্ঞাপন