বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক ও পেশাগত সহযোগিতাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজধানীর উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে (ইউএলসিএল) আন্তর্জাতিক সম্মাননা অনুষ্ঠান ‘গ্লোবাল এক্সিলেন্স অনার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের আইডিয়া এক্সচেঞ্জ এবং নেপালের বিলক্ষণ ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্প, সংস্কৃতি, চলচ্চিত্র, গণমাধ্যম, সংগীত, গবেষণা, ব্যবসা, সামাজিক নেতৃত্ব এবং সৃজনশীল কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ৩০ জন এবং নেপালের ১৬ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ। আইডিয়া এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সুমন অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সমন্বয়ে নেতৃত্ব দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলক্ষণ ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান জনাব ডাব্বু ক্ষেত্রি।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান, অভিনেত্রী নাজিয়া হক অর্ষা, সাংবাদিক মাসুম অপু, আধ্যাত্মিক সংগীতশিল্পী মো. আব্দুল কুদ্দুস, এবং উদ্যোক্তা এম. রহমান সাগর। অনুষ্ঠানে আফসানা করিম মিমি ব্যক্তিগত কারণে অংশগ্রহণ করতে পারেননি।
অনুষ্ঠানটি দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এবং পরবর্তীতে সম্মাননা প্রদান পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে নৈশভোজ ও সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
খন্দকার সুমন বলেন, ‘গ্লোবাল এক্সিলেন্স অনার’ কেবল একটি সম্মাননা প্রদান অনুষ্ঠান নয়; এটি বাংলাদেশ ও নেপালের মধ্যে সংস্কৃতি, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধভিত্তিক সহযোগিতার একটি সেতুবন্ধন। বক্তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংস্কৃতি ও মানবিক মূল্যবোধভিত্তিক সহযোগিতার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।