ঝালকাঠির ভীমরুলি পেয়ারা বাগান ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ রোববার সকাল ৯টার দিকে তিনি ভীমরুলিতে পৌঁছান। এ সময় স্থানীয় পেয়ারা চাষিরা তাকে স্বাগত জানান।
রাষ্ট্রদূত চাষিদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং পরে স্থানীয়দের সঙ্গে ছবি ও সেলফি তোলেন। ভীমরুলির সৌন্দর্য উপভোগ করতে তিনি ডিঙি নৌকায় খালে ঘুরে বেড়ান। এ সময় তিনি নৌকা ও ট্রলারে করে খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দুই পাশের পেয়ারা বাগান ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
রাষ্ট্রদূত সফরের সময় স্থানীয় পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তারা পেয়ারা উৎপাদন, বাজারজাতকরণ ও স্থানীয় বাণিজ্যের বিষয়ে তথ্য দেন। পরে তিনি ভাসমান পেয়ারা হাটের কার্যক্রম প্রত্যক্ষ করেন।
ভীমরুলি দেশের অন্যতম পরিচিত ভাসমান পেয়ারা বাজার। খালের পানিতে ডিঙি নৌকা ও অন্যান্য নৌযানে করে এখানে পেয়ারা কেনাবেচা হয়। বর্ষা মৌসুমে ভীমরুলির পেয়ারা বাগান ও ভাসমান হাট দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা আসেন।
২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারও ভীমরুলির ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছিলেন। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। দায়িত্ব গ্রহণের সময় তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
ভীমরুলির পেয়ারা বাগান ও ভাসমান হাট পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষি, স্থানীয় অর্থনীতি ও পর্যটন সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতের সরাসরি ধারণা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।