সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গভীর সমুদ্র বন্দরসহ একাধিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে অবতরণ করে।

হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে যান এবং সেখান থেকে সকাল সোয়া ৯টায় হেলিকপ্টারযোগে মাতারবাড়ির উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন।

এছাড়া, প্রধানমন্ত্রী বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন ঘর হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে: দুপুর ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান, দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় সাক্ষাৎ, বিকেল সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় কবর জিয়ারত, এবং বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে পুনর্বাসনের অনুষ্ঠানে অংশগ্রহণ।

প্রধানমন্ত্রীর কর্মসূচি শেষে আজ রাত সাড়ে ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমানে ঢাকায় ফিরবেন তিনি।

বিজ্ঞাপন