মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে মো. তারা মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির তথ্য অনুযায়ী, কুলাউড়া সীমান্ত দিয়ে ৪ থেকে ৫ জন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা নাসির পাতার বিড়ি আনার উদ্দেশ্যে সীমান্তের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন।
ভারতের ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে মো. তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত তারা কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুড়াইছড়া বস্তির মো. আব্দুল মালেকের ছেলে।
বিজিবি জানায়, তারা মিয়া আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং কুলাউড়া থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।
এদিকে, বিএসএফের গুলির পর অন্যরা বাংলাদেশে ফিরে গিয়ে আত্মগোপন করেছেন। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "ভারতের অভ্যন্তরে ঢুকে অবৈধ নাসিরুদ্দিন বিড়ি আনতে গেলে বিএসএফের গুলিতে নিহত হয়েছে।"
তিনি আরও জানান, ঘটনার পর বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) সাথে যোগাযোগ চলছে।