হাইকোর্টে জামিন নিতে প্রতারণার অভিযোগে আইনজীবী আজিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মোঃ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আসামি সাকিব ওরফে সাকিব হাসান লিটনের জামিনের আবেদন শুনানির জন্য ১৫ নম্বর সিরিয়ালে তালিকাভুক্ত ছিল।
শুনানির সময় আদালতের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না জানান, একই মামলাটি পূর্বে ভিন্ন একটি বেঞ্চে শুনানি হয়েছে। তবে আইনজীবী পূর্ববর্তী শুনানির বিষয়টি গোপন করে নতুন করে মামলাটি তালিকাভুক্ত করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এ অভিযোগ আদালতের নজরে আসার পর আইনজীবীকে ব্যাখ্যা দিতে বলা হয়। কিন্তু তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। পরে আদালত মামলাটি সরাসরি খারিজ করে দেন।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, "আদালতের প্রতি সঠিক তথ্য উপস্থাপন করা আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব। একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা পেশাগত নৈতিকতার পরিপন্থী।"