শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন

ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন, স্থলাভিষিক্ত হচ্ছেন হাওয়ার্ড বাফেট।

ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন

বিশ্বের দশম ধনী ব্যক্তি ও মার্কিন কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তার স্থলাভিষিক্ত হচ্ছেন বাফেটের ছেলে হাওয়ার্ড বাফেট।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিনিয়োগকারীদের কাছে পাঠানো এক বিবৃতিতে বার্কশায়ার হ্যাথাওয়ে জানায়, প্রতিষ্ঠানের প্রতি অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাফেটকে ‘চেয়ারম্যান এমেরিটাস’ হিসেবে নিয়োগ দেওয়া হবে।

চেয়ারম্যান পদ ছাড়লেও ৯৬ বছর বয়সী এই বিলিয়নিয়ার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে থাকবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তিনি নিজের মূল্যবান পরামর্শ ও দৃষ্টিভঙ্গি দিয়ে সহযোগিতা করে যাবেন।

বার্কশায়ার হ্যাথাওয়ে উল্লেখ করেছে, হাওয়ার্ড বাফেটকে নতুন চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত তাদের দীর্ঘদিনের উত্তরাধিকার পরিকল্পনার অংশ। এর আগে, ২০২৫ সালে, বাফেট প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকেও সরে দাঁড়ান।

গ্রেগ অ্যাবেল, যিনি সিইও হিসেবে দায়িত্ব নেন, তিনি বলেন, আমেরিকান ব্যবসার ইতিহাসে বার্কশায়ারের ওপর বাফেটের প্রভাবের কোনো তুলনা নেই। চেয়ারম্যান পদ ছাড়ার ঘোষণা দেওয়া হয় বাফেটের শেয়ারহোল্ডারদের উদ্দেশে লেখা একটি চিঠির সঙ্গে।

চিঠিতে তিনি নিজের ৯৬তম জন্মদিন পরিবারের সঙ্গে উদযাপনের কথা উল্লেখ করেন এবং বার্কশায়ার হ্যাথাওয়ের সঙ্গে তার ছয় দশকেরও বেশি সময়ের পথচলার কথা স্মরণ করেন।

বাফেট বলেন, গ্রেগ অ্যাবেল প্রতিষ্ঠান পরিচালনা করবেন, আর তার ছেলে হাওয়ার্ড বার্কশায়ারের সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষার দায়িত্ব পালন করবেন, যা কোম্পানির সম্পদের চেয়েও গুরুত্বপূর্ণ।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, ওয়ারেন বাফেটের বর্তমান সম্পদের পরিমাণ আনুমানিক ১৪৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এ হিসাবে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তার অবস্থান দশম। চলতি সপ্তাহে প্রকাশিত ফোর্বস ৪০০ তালিকাতেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে দশম স্থানে রয়েছেন তিনি।

বিজ্ঞাপন