ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। এই গানের আসরটি স্থানীয় লা ক্যামেলিয়ানে অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত থাকবে। প্রথম পর্বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির ওপর একটি ধ্রুপদী নৃত্য পরিবেশন করবে প্যারিসের ‘নৃত্যজ্ঞান’ নৃত্যদল। দ্বিতীয় পর্বে হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী গান নিয়ে মূল আয়োজন করা হবে।
এছাড়াও, বাংলা গানের স্বর্ণালি যুগের উপর বিশেষ পরিবেশনা থাকবে। কলকাতার সংগীতশিল্পী সৌমেন অধিকারী এবং তাঁর সহশিল্পী অনুভব চ্যাটার্জি ও সাগর বড়ুয়া গান পরিবেশন করবেন।
প্রযোজনা সংস্থা তৌরযাত্রিক জানিয়েছে, প্যারিসে বসবাসরত বাংলাভাষী মানুষের জন্য পুরনো দিনের গানের সুরে বিমুগ্ধ করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে।
তারা আশা করছে, এই সংগীত সন্ধ্যার মাধ্যমে বাংলার শিকড় এবং নতুন প্রজন্মের মধ্যে মেলবন্ধন তৈরি হবে। একইসঙ্গে, ফরাসিদের মধ্যে বাংলার সুর পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।