দেশে গ্যাসের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে দুটি নতুন কূপ খনন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে দৈনিক ৩ কোটি ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।
বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্প উপস্থাপন করা হয়। সভায় ১৪টি এজেন্ডার মধ্যে এই প্রকল্পটি অন্যতম ছিল।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে। পরিকল্পনা কমিশন জানিয়েছে, তিতাস গ্যাসক্ষেত্রে প্রথম বছরে একটি কূপ থেকে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেড় বছরের মধ্যে দুটি কূপ থেকেই গ্যাস পাওয়া যাবে।
দৈনিক ৩ কোটি ঘনফুট গ্যাস উৎপাদনের মাধ্যমে আগামী ১০ বছরে এখান থেকে মোট ১০ হাজার ৭৪ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এছাড়া, ৬০ হাজার ব্যারেলের বেশি কনডেনসেট বা তরল পেট্রোলিয়ামও উৎপাদিত হবে।
প্রকৌশল কাজ ও রিগ ফাউন্ডেশন থার্ড পার্টির মাধ্যমে সম্পন্ন করা হবে এবং দেশি-বিদেশি পরামর্শকরাও এতে যুক্ত হবেন।
এছাড়া, ঢাকা সেনানিবাসের মঈনুল রোডে অফিসার্স বাসস্থান এবং ঝিগাতলায় সরকারি কর্মচারীদের আবাসিক ভবন নির্মাণ নিয়ে আলোচনা হয়েছে একনেক সভায়।