মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করেছে গ্রামীণফোন। এই সেবার মাধ্যমে গ্রাহকরা ডিজিটাল পদ্ধতিতে অর্থ পরিশোধ করতে পারবেন, যা তাদের জন্য আরও সহজ ও সুবিধাজনক হবে।
গ্রাহকরা সংশ্লিষ্ট ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের অ্যাপের মাধ্যমে গ্রামীণফোনের এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে রাখা বাংলা কিউআর কোড স্ক্যান করে সরাসরি তাদের অ্যাকাউন্ট থেকে মূল্য পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের 'এক দেশ, এক কিউআর' ভিশনের আওতায় এই উদ্যোগটি নেওয়া হয়েছে। সেবাটি প্রাথমিকভাবে রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা এবং চট্টগ্রামের জিইসি মোড়ের গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে পাওয়া যাবে।
আজ বুধবার গুলশান গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে আনুষ্ঠানিকভাবে সেবাটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানও উপস্থিত ছিলেন।
ড. মো. হাবিবুর রহমান বলেন, "আর্থিক সেবাকে আরও সহজলভ্য করতে, তরুণদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস অর্থনীতিকে এগিয়ে নিতে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও এই উদ্যোগে যুক্ত হবে।"
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, "গ্রাহকরা এখন নগদ টাকার জন্য অপেক্ষা না করেই ফোনের মাধ্যমে সহজে স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন।"
সৈয়দ মাহবুবুর রহমান আরও জানান, "আমরা গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ করতে পেরে আনন্দিত, যাতে আরও বেশি গ্রাহকের কাছে স্ক্যান-টু-পেমেন্টের সুবিধা পৌঁছে দিতে পারি।"