বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাজেট থেকে বছরে ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে। গভর্নর মোস্তাকুর রহমান শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা কিউআর নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এ তথ্য জানান।
গভর্নর বলেন, ব্যাংক থেকে অর্থ লুটের কারণে আগামী ৫ থেকে ৮ বছর পর্যন্ত এই ব্যয় করদাতাদের বহন করতে হতে পারে। তিনি উল্লেখ করেন, এই অর্থ ভর্তুকি হিসেবে বরাদ্দ না দেওয়া হলে দুই কোটি পরিবারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া সম্ভব হতো।
অনুষ্ঠানে গভর্নর আরও জানান, আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোড ব্যবহার করে একজন গ্রাহক সরাসরি অন্য গ্রাহকের কাছে টাকা পাঠাতে পারবেন। এই লেনদেন পিটুপি (পারসন টু পারসন) পদ্ধতি হিসেবে পরিচিত।
তিনি বলেন, দেশের আর্থিক খাতের লেনদেন আরও সহজ ও কার্যকর করতে ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’ (ডিপিআই) গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। বর্তমানে বাংলা কিউআর কোডের মাধ্যমে প্রতিদিন গড়ে ১৪৩ কোটি টাকার লেনদেন হচ্ছে। এই ব্যবস্থাকে আরও জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে দৈনিক লেনদেনের পরিমাণ অন্তত ৩ হাজার কোটি টাকায় উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।