বাংলাদেশ ব্যাংক, ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাজেট থেকে বছরে ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে। গভর্নর মোস্তাকুর রহমান জানান, ব্যাংক থেকে অর্থ লুটের কারণে আগামী ৫ থেকে ৮ বছর পর্যন্ত এই ব্যয় করদাতাদের বহন করতে হতে পারে।
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা কিউআর নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্যাংক খাতের ক্ষতি সামাল দিতে এই অর্থ বরাদ্দ না হলে, দুই কোটি পরিবারকে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া সম্ভব হতো।
গভর্নর জানান, আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোড ব্যবহার করে একজন গ্রাহক সরাসরি অন্য গ্রাহকের কাছে টাকা পাঠাতে পারবেন। এই লেনদেনকে পিটুপি (পারসন টু পারসন) পদ্ধতি বলা হয়।
তিনি আরও বলেন, দেশের আর্থিক খাতের লেনদেন সহজ ও কার্যকর করতে ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’ (ডিপিআই) গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে।
বর্তমানে বাংলা কিউআর কোডের মাধ্যমে প্রতিদিন গড়ে ১৪৩ কোটি টাকার লেনদেন হচ্ছে। এই ব্যবস্থাকে আরও জনপ্রিয় ও গ্রহণযোগ্য করতে দৈনিক লেনদেনের পরিমাণ অন্তত ৩ হাজার কোটি টাকায় উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।