মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন জানান, সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে। এর অংশ হিসেবে এলএনজি সরবরাহ বাড়াতে পাঁচটি এফএসআরইউ নির্মাণের পাশাপাশি ল্যান্ডবেজ টার্মিনালও নির্মাণ করা হবে।
বৈঠকে ব্যবসায়ীরা বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তারা জানান, শুধুমাত্র এফএসআরইউর ওপর নির্ভরশীলতা কমিয়ে ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য ল্যান্ডবেজ টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।
শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে। তবে বৈঠকে উঠে আসে যে, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়।