সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বেকারি পণ্যের দাম ২০% বৃদ্ধি, সংকটের মুখে ভোক্তারা

বেকারি পণ্যের দাম ২০% বৃদ্ধি, কাঁচামাল ও জ্বালানি সংকটে ভোক্তাদের ভোগান্তি বাড়ছে।

বেকারি পণ্যের দাম ২০% বৃদ্ধি, সংকটের মুখে ভোক্তারা

বেকারি শিল্পে অস্থিরতা দেখা দিয়েছে, যেখানে কেক, রুটি ও বিস্কুটের দাম ২০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। বেকারি মালিক সমিতির দাবি, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে এই দাম সমন্বয় করা হয়েছে।

ভোক্তারা জানান, চড়া মূল্যস্ফীতির মধ্যে বেকারি পণ্যের বাড়তি দাম তাদের জন্য ভোগান্তি বাড়িয়ে তুলছে। অটোরিকশা চালক সাজু মিয়া বলেন, '১০ টাকা রুটির দাম ১৫ টাকা হয়েছে। আমরা কাজের ফাঁকে চা-বিস্কুট খাই। এমনিতে ইনকাম কম, তার ওপর এগুলো, কীভাবে চলব আমরা?'

১২ সেপ্টেম্বর থেকে নতুন দাম ঘোষণা করেছে বেকারি মালিক সমিতি। নতুন দর অনুযায়ী, ১০০ টাকায় বিক্রি হওয়া দুই পাউন্ডের একটি পাউরুটির দাম এখন ১২০ টাকা। এছাড়া ৫০ টাকার রুটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রেড বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি জালাল উদ্দিন জানান, 'যেখানে চিনি ছিল ৫ হাজার টাকার নিচে, সেখানে এক বছরের চিনির দাম বেড়ে ৫ হাজার ৫০০ টাকা হয়েছে। আমাদের কর্মচারীদের বেতন বাড়ছে এবং বিদ্যুৎ ও গ্যাসের দুষ্প্রাপ্যতা আমাদের জন্য বড় সংকট।'

ক্রেতাদের মতে, নিত্যপণ্যের দাম ধারাবাহিকভাবে বাড়ছে, যা তাদের জীবনযাত্রায় প্রভাব ফেলছে। এক ক্রেতা বলেন, 'আমরা দিন আনি দিন খাই। বাজারে সবকিছুর দাম যদি বেশি হয় তাহলে আমাদের জন্য চলা সম্ভব নয়।'

রাজধানীতে ছোট-বড় মিলিয়ে ৭০০ এবং সারা দেশে ৭ হাজারের বেশি বেকারি রয়েছে।

বিজ্ঞাপন