দেশের শেয়ারবাজারে গত আড়াই বছরে নতুন কোনো কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায়ও নেই কোনো আবেদন। এর ফলে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক কাঠামো নিয়ে অনিশ্চয়তার কারণে প্রতিষ্ঠানগুলো আইপিওতে আগ্রহ হারাচ্ছে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বড় ও মানসম্পন্ন কোম্পানিকে পুঁজিবাজারে আনতে নানা উদ্যোগের ঘোষণা দিলেও, ২০২৪ সালের মার্চের পর থেকে কোনো কোম্পানি আনুষ্ঠানিকভাবে আইপিওর আবেদন করেনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন জানান, আর্থিকভাবে সক্ষম কোম্পানি পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহে আগ্রহী। তবে শেয়ারের মূল্যায়ন নিয়ে অনিশ্চয়তা এবং অন্যান্য কারণে অনেক প্রতিষ্ঠান আইপিওতে আগ্রহ হারাচ্ছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন সভাপতি সাইফুল ইসলাম জানান, বিএসইসি নতুন আইপিও আইন সংশোধনের পাশাপাশি ডাইরেক্ট লিস্টিং বা সরাসরি তালিকাভুক্তির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। এই আইনি সংস্কার ও লিস্টিং প্রক্রিয়া শেষ হলে বাজারে মানসম্পন্ন নতুন কোম্পানি আসতে পারে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, মূলধনের জন্য ব্যাংকনির্ভরতা কমিয়ে পুঁজিবাজারকে কার্যকর করতে ভালো কোম্পানিকে তালিকাভুক্তির জন্য উৎসাহ দেয়া উচিত।