ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন সমস্যা দেখা দিয়েছে। রোববার দুপুরে কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কেন্দ্রটির ২ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।
বিদ্যুৎ কেন্দ্রের সূত্র জানায়, বিগত দিনে কয়লা সংকটের কারণে উৎপাদন কিছুটা কমিয়ে আনা হয়েছিল। তবে সম্প্রতি প্রয়োজনীয় কয়লা মজুত থাকায় কেন্দ্রটি পূর্ণ গতিতে বিদ্যুৎ উৎপাদন করছিল এবং জাতীয় গ্রিডে প্রতিদিন ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করছিল।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, ‘রক্ষণাবেক্ষণ কাজের জন্য রামপালের ইউনিট-২ বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের কোনো ইউনিট বন্ধ হলে তা পরিদর্শন ও মেরামতের জন্য প্রথমে ঠান্ডা করতে হয়।’
তিনি আরও জানান, ইউনিটটি পরীক্ষার জন্য ভারত থেকে দুজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা রয়েছে। তারা এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর উৎপাদনে ফিরতে কত সময় লাগবে তা জানানো সম্ভব হবে। আপাতত দুই দিন পর পরিস্থিতি স্পষ্ট বোঝা যাবে।
রামপাল কেন্দ্রটির উৎপাদন অর্ধেকে নেমে আসায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ বন্ধ হওয়া ইউনিটটি দ্রুত সচল করতে প্রাথমিক কাজ শুরু করেছে।