বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, সরকার বিরোধীদল দমনে কাজ করছে। তিনি বলেন, "টকশোতে বিরোধী দল নিয়ে যত কটুক্তি, সরকারি দপ্তরে তত প্রমোশন।"
সোমবার রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্বালানির মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার জানান, সরকার বর্তমানে সংবিধান নিয়ে ব্যস্ত এবং বিরোধীদল দমনে কাজ করছে।
তিনি সরকারের দুর্নীতি, চাঁদাবাজি ও অব্যবস্থাপনার কারণে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, "সরকার যখন সংবিধান ও বিরোধী দল দমনে ব্যস্ত, তখন সাধারণ মানুষ গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপে চরম দুর্ভোগে পড়ছে।"
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, মহেশখালীর এলএনজি অবকাঠামোয় দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। তিনি জানান, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে দুই দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে এবং অনেক গ্রাহক ভূতুড়ে বিদ্যুৎ বিলের শিকার হচ্ছেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।