ভারতের ঝাড়খণ্ডে আবারও ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে। শিক্ষার্থীরা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করছেন।
গত ২৯ জুলাই থেকে চলমান এই আন্দোলন ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) বিরুদ্ধে। শিক্ষার্থীরা রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে বিক্ষোভ করছেন, যেখানে তারা দীর্ঘদিন ধরে পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই অনিয়মের কারণে লাখ লাখ তরুণ-তরুণীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর কারচুপির অভিযোগ ওঠে, যা রাজ্য সরকারের তদন্তের দিকে নিয়ে যায়।
২২ জুলাই, জেপিএসসি চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন। বিক্ষোভকারীদের প্রধান দাবি হলো, এই মামলার তদন্ত সিবিআইকে দেওয়া হোক।
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদের মধ্যে বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবং ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা সমর্থিত ছাত্র সংগঠনের সদস্যরাও রয়েছেন।
রোববার, ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতো বিক্ষোভস্থলে এসে অনশন করার ঘোষণা দেন। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাঁচি কেন্দ্র থেকে জেএলকেএম-এর প্রার্থী ছিলেন।