নীলফামারীর ডিমলা উপজেলায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ১০০টি ঘরের মধ্যে ৯০টি ঘরই তালাবদ্ধ রয়েছে। প্রকল্পটি দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়, যার উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা।
স্থানীয়দের অভিযোগ, উপকারভোগী বাছাইয়ে অনিয়ম, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির কারণে প্রকৃত গৃহহীনরা বঞ্চিত হয়েছেন। বর্তমানে এখানে মাত্র ১০টি পরিবার বসবাস করছে, বাকী ঘরগুলো দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে।
২০২০-২১ সালে নির্মিত প্রতিটি ঘরের জন্য ব্যয় হয়েছে দুই লাখ টাকা, কিন্তু প্রকল্পের জমি নিয়ে বিরোধ ও জনমানবহীন স্থানে অবস্থান করায় ঘরগুলো খালি পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দ পাওয়া অনেকেরই নিজস্ব বাড়ি রয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানিয়েছেন, যারা ঘর পেয়ে থাকছেন না, তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, প্রকৃত গৃহহীনদের পুনর্বাসনের পরিকল্পনাও রয়েছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেছেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের আমলে দুই ধাপে বিপুল সংখ্যক ঘর নির্মাণ করা হলেও এসব ঘর নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।