অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়মে নতুন কড়াকড়ির ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, বিদেশি শিক্ষার্থীরা এখন থেকে তাঁদের পরিবারকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসতে পারবেন না।
এছাড়াও, যাঁরা অস্ট্রেলিয়ায় থাকার মেয়াদ বাড়াতে চান, তাঁদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কোনো কোর্সে ভর্তি হতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, অভিবাসন নিয়ন্ত্রণে বিদেশি শিক্ষার্থীদের জন্য এই কঠোর নিয়ম নেওয়া হয়েছে।
এছাড়া, অস্ট্রেলিয়ার কৃষি খাতে কাজ করা বিদেশি শ্রমিকদের জন্য ওয়ার্কিং হলিডে ভিসার নিয়মও আরও কঠোর করা হবে। নতুন ব্যবস্থায় এসব ভিসার ক্ষেত্রে একটি ব্যালট পদ্ধতি চালু করা হবে। তবে যুক্তরাজ্যের নাগরিকদের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য হবে না।
অস্ট্রেলিয়ার ওয়ার্কিং হলিডে ভিসা একটি অস্থায়ী ভিসা, যা ১৮ থেকে ৩০ বছর বয়সী এবং কিছু দেশের ক্ষেত্রে ৩৫ বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রযোজ্য। এই ভিসার মাধ্যমে তরুণরা সর্বোচ্চ ১২ মাস অস্ট্রেলিয়ায় বসবাস, কাজ ও ভ্রমণ করতে পারেন।
টনি বার্ক বলেন, “অভিবাসন অস্ট্রেলিয়ার জন্য একটি শক্তি হলেও এর ওপর উচ্চমাত্রার নিয়ন্ত্রণ প্রয়োজন।” তিনি আরও জানান, “শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় নিয়ে আসতে পারবেন—এই ব্যবস্থার মাধ্যমে আমরা আর শিক্ষার্থীর সংখ্যা বাড়াব না।”