সারাদেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে বিরোধীদল জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। সারের ডিলারশিপ পেতে ৪৭ হাজারের বেশি আবেদন জমা পড়লেও সরকার দলীয় প্যাড ব্যবহার করে পছন্দের লোকদের নিয়োগ দিয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শুধু দলীয় লোকই নয়, অর্থের বিনিময়ে ফ্যাসিস্টদেরকেও ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সরকার দেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিরোধী দলকে বাদ দিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করে জাতির সাথে প্রহসন করছে ক্ষমতাসীনরা। জামায়াতের কার্যক্রমকে যারা বিরোধীতা বলে, তাদের সহিংসতা ও অগ্নিসংযোগ পছন্দ বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।
এছাড়া, কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।