মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ট্রাম্পের নীতিতে ‘ট্যাকো’ শব্দের নতুন সমালোচনা

ট্রাম্পের নীতিতে নতুন শব্দ ‘ট্যাকো’ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

ট্রাম্পের নীতিতে ‘ট্যাকো’ শব্দের নতুন সমালোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুংকার ও পিছু হটার প্রবণতা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক অঙ্গন ও বাণিজ্যনীতির ক্ষেত্রে বারবার হুমকি দিয়েও বাস্তবায়নের ব্যর্থতায় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

ট্রাম্পের এই বিচিত্র স্বভাবকে ব্যঙ্গ করে ওয়াল স্ট্রিট জার্নালসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যবহৃত হচ্ছে নতুন শব্দ ‘ট্যাকো’। মার্কিন গণমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে এই শব্দ, যা ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমার্থক হিসেবে চিহ্নিত হচ্ছে।

শব্দটির পূর্ণরূপ হলো ‘ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট’, অর্থাৎ বিপাকে পড়লেই তিনি মুরগির মতো পিছু হটেন। বড় বড় হুমকির সঙ্গে ট্রাম্পের কাজকর্মের কোনো মিল না থাকায় শব্দভিত্তিক এই ট্রোল বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের ইরানের বিরুদ্ধে দেওয়া হুমকিগুলি বাস্তবে কোনো কার্যকারিতা দেখাতে পারেনি। গত পাঁচ মাসে তিনি অন্তত পাঁচবার ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন, কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটেনি।

গত ২১ মার্চ তিনি হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। তবে এক সপ্তাহ পরেও মার্কিন সামরিক বাহিনী তা বাস্তবায়ন করতে পারেনি।

এছাড়া, ৭ এপ্রিল তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আজ রাতেই একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে’ বলে পূর্বাভাস দেন, কিন্তু পরদিনই সেই পরিকল্পনা থেকে সরে এসে যুদ্ধবিরতিতে সম্মত হন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আকস্মিক পিছু হটার এই কূটনীতি তার প্রশাসনের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করছে। কথার লড়াইয়ে পারদর্শী মার্কিন প্রেসিডেন্টের ‘ট্যাকো’ নীতিতে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি তলানিতে পৌঁছে যাচ্ছে।

বিজ্ঞাপন