যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। তিনি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, যুদ্ধরত পক্ষগুলো পরপর তিন দিন ধরে পরস্পরের ওপর হামলা চালায়নি, যা যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, "আমার মনে হয় কিছু একটা হওয়ার ভালো একটা সম্ভাবনা আছে।"
তবে, তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি আলোচনাগুলো ব্যর্থ হয়, তাহলে ওয়াশিংটন পূর্বের অবস্থানে ফিরে যাবে। ট্রাম্প জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে তিনি ইরানে হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেন।
প্রায় দুই সপ্তাহ ধরে চলা মার্কিন বিমান হামলা এবং পালটাপালটি আক্রমণ বন্ধ হওয়ার পর যুদ্ধবিরতির পরিবেশ সৃষ্টি হয়েছে। গত জুনে হওয়া যুদ্ধবিরতি চুক্তি পালটাপালটি হামলার কারণে ভেস্তে গিয়েছিল।
যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার পর ইরানও তাদের পাল্টা হামলা বন্ধ রেখেছে। তবে, সরাসরি আলোচনা হওয়ার বিষয়টি তেহরান আবারও অস্বীকার করেছে।
এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার এই পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।