মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, ইরানের সঙ্গে আলোচনায় কয়েক দিনের মধ্যেই অগ্রগতি হবে এবং এ সপ্তাহের শেষেই একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প জানান, সম্ভাব্য চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সুরক্ষিত করতে সক্ষম হবে। তিনি বলেন, “আমরা ভিন্ন একটি কারণে কঠোর পদক্ষেপ নিয়েছিলাম। তাই ইরানও তার পাল্টা জবাব দিচ্ছিল। আমি শুনছি, আলোচনাটি বেশ ভালোভাবে এগোচ্ছে।”
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন, তবে আলোচনার পথ এখনও খোলা আছে বলেও দাবি করেন তিনি।
গত কয়েক সপ্তাহ ধরে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকরা এই সংঘাতকে “শেষ হইয়াও হইলো না শেষের” মতো ব্যাখ্যা করছেন।
এছাড়াও, ট্রাম্প ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতের মতো অন্যান্য আঞ্চলিক উত্তেজনা ইরানের সঙ্গে চলমান আলোচনার বাইরে রাখার চেষ্টা করছেন।
ট্রাম্প পূর্বে দাবি করেছিলেন যে, ইরান পরমাণু অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে। তবে তিনি কীভাবে ইরান এ বিষয়ে রাজি হয়েছে, তা বিস্তারিত জানাননি।
বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধ বন্ধের আলোচনায় সরাসরি জড়িত রয়েছেন বলে ট্রাম্প উল্লেখ করেছেন। তিনি ভবিষ্যতে খামেনির সঙ্গে বৈঠকের সম্ভাবনাও ইঙ্গিত করেছেন।