মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে একটি 'দারুণ চুক্তি' করতে তার কোনো তাড়াহুড়ো নেই। তিনি রোববার (৩১ মে) মার্কিন সংবাদমাধ্যম 'ফক্স নিউজ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি চমৎকার চুক্তি করতে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, যদি চুক্তি শেষ পর্যন্ত না হয়, তবে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিষয়টির সমাধান করবে।
তিনি বলেন, "চুক্তির মাধ্যমেই বিষয়টির সমাধান করতে বেশি আগ্রহী, কারণ এটি অনেক মানুষের জীবন বাঁচাবে।" ট্রাম্প চুক্তি স্বাক্ষরের পরপরই হরমোজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই নিজের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, এসব প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগে এবং তাড়াহুড়ো করলে ভালো চুক্তি করা সম্ভব নয়।
"আমরা ধীরেসুস্থে কিন্তু নিশ্চিতভাবে যা চাচ্ছি, তা-ই পাচ্ছি," বলেন ট্রাম্প। তিনি জানান, যদি প্রত্যাশিত ফলাফল না পাওয়া যায়, তবে ভিন্ন উপায়ে এর সমাপ্তি টানবেন।