নেপালের মাউন্ট এভারেস্টে ছয় দিন নিখোঁজ থাকার পর, গাইড দাওয়া শেরপা জীবিত অবস্থায় ফিরে এসেছেন। তার পরিবার যখন মৃত ভেবে শেষকৃত্যের আয়োজন শুরু করে, তখনই জানা যায় তিনি বেঁচে আছেন।
৪ জুন, বৃহস্পতিবার, ৫২ বছর বয়সী দাওয়া শেরপাকে একটি পরিষ্কারকারী দল হামাগুড়ি দিয়ে বেস ক্যাম্পের দিকে নামতে দেখে। পর্বতারোহীদের সংগঠন ৮কে এক্সপেডিশনের পেম্বা শেরপা জানান, তাকে দ্রুত নিচে নামিয়ে খাবার ও পানি দেওয়া হয়। পরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার তাকে রাজধানী কাঠমান্ডুর হ্যামস হাসপাতালে নিয়ে যায়।
দাওয়া শেরপার স্ত্রী দামু শেরপা বলেন, "আমরা প্রথমে স্থানীয় সংবাদে শুনি যে তিনি জীবিত আছেন। এরপর পরিচিত একজন ফোন করে জানায় যে তাকে নিচে আনা হচ্ছে।"
দাওয়ার মেয়ে মেন্ডো লহামু শেরপা জানান, তারা কয়েকদিন ধরে শেষকৃত্যের আচার পালন করছিলেন। তিনি বলেন, "প্রথমে আমরা নিশ্চিত হতে পারিনি যে উদ্ধার হওয়া ব্যক্তি সত্যিই আমার বাবা কি না। তাই আমরা ছবি পাঠাতে বলি, এরপর নিশ্চিত হয়ে আমরা খুবই খুশি হই।"
দাওয়া শেরপাকে সর্বশেষ ২৯ মে পাহাড় থেকে নামতে দেখা যায়। তার সঙ্গে থাকা একজন পোলিশ পর্বতারোহী বেস ক্যাম্পে পৌঁছালেও, দাওয়া সেখানে পৌঁছাতে পারেননি। অনুসন্ধান কার্যক্রমে বিলম্ব হওয়ায় উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়।
এদিকে, গত মাসে বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টে সবচেয়ে ব্যস্ত মৌসুমে এক হাজারের বেশি পর্বতারোহী ও তাদের গাইড শীর্ষে পৌঁছান। চলতি মৌসুমে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।