নেপাল-চীন সীমান্তে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর দেশটির পরিস্থিতি এখনও অস্থিতিশীল রয়েছে। অনেক দেশি ও বিদেশি নাগরিক এখনও নিখোঁজ রয়েছেন।
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ১৮৪ জন বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে ১১৪ জন ভারতীয় নিরাপদে উদ্ধার হয়েছেন।
এছাড়াও, দক্ষিণ কোরিয়ার ২০ জন, চীনের ২৭ জন, জার্মানি থেকে ৪, ইতালি থেকে ৩, এবং মালটা থেকে ৪ জন নাগরিককে উদ্ধার করা হয়েছে। আমেরিকা থেকে ৩ জন, রাশিয়া, সুইজারল্যান্ড ও তুরস্ক থেকে ২ জন করে, এবং বুলগেরিয়া, ওমান ও পর্তুগাল থেকে একজন করে বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে।
তবে উদ্বেগজনক তথ্য হলো, এখনও ৪২০ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বেলজিয়াম ও স্পেন থেকে আসা পর্যটকদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
বন্যার কারণে কতজন নেপালি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে সম্পর্কে এখনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। স্থানীয় উদ্ধারকারী দল তাদের অভিযান অব্যাহত রেখেছে।