নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৩ জনে। এর মধ্যে তিব্বতে প্রাণ গেছে ৭ জনের।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে প্রায় দুই হাজার মানুষ রয়েছেন, যাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশিরা ৩৬টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক।
বিবিসি'র লাইভ প্রতিবেদন অনুযায়ী, তিব্বতে ভূমিধ্বসের কারণে সৃষ্ট একটি হ্রদে আবারও পানি জমতে শুরু করেছে। এতে পানির স্তর বাড়ছে, যা নেপালে দ্বিতীয় দফায় বন্যা ও ভূমিধ্বসের শঙ্কা তৈরি করছে।
এই আশঙ্কায় শুক্রবার কিছু সময়ের জন্য উদ্ধার অভিযান বন্ধ রাখা হলেও পরে তা আবার শুরু হয়। নেপালে উদ্ধার ও অনুসন্ধানে প্রায় ১৫ হাজার নিরাপত্তাকর্মী কাজ করছেন।
দুর্গত এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের হিসেব অনুযায়ী, বন্যায় নেপালে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।
সংস্থাটি জরুরি সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলারের তহবিল চেয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক বন্যার ঘটনায় তিব্বতে ৭ জনের মৃত্যু হয়েছে এবং সেখানে ৫ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।