ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে গভীর পর্যায়ের আলোচনা চলছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে শুক্রবারের পরিকল্পিত হামলা স্থগিত করা হয়েছিল। তবে তিনি সতর্ক করে দেন যে, আলোচনার জন্য বেশি সময় দেওয়া হবে না।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মন্তব্য করেছেন যে, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে ফিরে আসে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর বিষয়ে তেহরান কোনো অনুরোধ করেনি এবং এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
তবে, বাঘাই জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে।