হরমুজ প্রণালির কাছে ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের 'বড় ও শক্তিশালী' হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এ হামলা ইরানের সমুদ্র মাইন স্থাপনের ব্যর্থ প্রচেষ্টার প্রতিক্রিয়া হিসেবে চালানো হচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক বার্তায় ট্রাম্প দাবি করেন, বর্তমানে হরমুজ প্রণালিতে কোনো মাইন নেই; সবগুলো সরিয়ে ফেলা হয়েছে অথবা বিস্ফোরিত করা হয়েছে।
ট্রাম্প আরও বলেন, ইরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, কিন্তু সেগুলো প্রতিহত করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন যে, ইরান যদি পাল্টা আক্রমণ চালায়, তবে তাদের আরও কঠোরভাবে আঘাত করা হবে।
তিনি দাবি করেন, 'এই অত্যন্ত ন্যায্য' হামলার জবাবে ইরানকে আরও উচ্চমাত্রায় আঘাত করা হবে। ট্রাম্প জানান, এখনও সবচেয়ে বড় হামলা বাকি রয়েছে, যা চালানো হলে 'ইসলামিক রিপাবলিক অব ইরানের খুব সামান্যই অবশিষ্ট থাকবে'।
এর আগে, হরমুজ প্রণালির কাছে ইরানের বন্দর আব্বাস এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছিল দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মার্কিন সেন্ট্রাল কমান্ডও হামলার বিষয়ে নিশ্চিত করেছে।