যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ফের উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সামরিক স্থাপনা, মাইন পাতা সংক্রান্ত সক্ষমতা ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। ইরানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আহভাজ শহরের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এছাড়া, দক্ষিণ-পূর্বাঞ্চলের বেসামরিক জিরোফট বিমানবন্দরেও হামলার খবর পাওয়া গেছে। চাবাহার, বান্দার আব্বাস ও আসালুয়েহতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হামলার জবাবে তেহরান জর্ডান, বাহরাইন ও ইরাকে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে।
এদিকে, ইরানের উপকূলীয় এলাকা সিরিকের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় পাঁচজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে।
হরমুজ প্রণালিতে সংঘাতের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। ইরান জানিয়েছে, মার্কিন হামলার কারণে সেখানে আরও কঠোর অবরোধ আরোপ করা হবে।
এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হামলার হুমকি দিয়েছেন এবং নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।