যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতির প্রকৃত অবস্থা আড়াল করার অভিযোগ তুলেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মতে, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রফতানি আয় নিয়ে সরকারি কর্মকর্তাদের বক্তব্য বাস্তবতার সঙ্গে মেলে না।
মার্কিন পররাষ্ট্র দফতরের ফারসি ভাষার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দাবি করেছেন যে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পর্যাপ্ত রয়েছে। তবে অর্থমন্ত্রী রফতানি বাড়ানোর কথা বললেও তার পক্ষে কোন পরিসংখ্যান উপস্থাপন করছেন না।
অন্যদিকে, সাধারণ ইরানিরা মাংস, মুরগির মাংস ও আবাসনের মতো মৌলিক চাহিদা পূরণে ক্রমবর্ধমান ব্যয়ের মুখে পড়ছেন। মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি, এসব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
এছাড়া, ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যের অসংগতি রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর উল্লেখ করেছে, কেন্দ্রীয় ব্যাংক যখন নিজেদের কার্যক্রমের প্রশংসা করছে, তখন গালিবাফ উচ্চ মূল্যস্ফীতি ও পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির আশঙ্কার কথা প্রকাশ্যে জানাচ্ছেন।
এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার লক্ষ্য ইরান সরকারের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করা এবং যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে তেহরানের ওপর চাপ সৃষ্টি করা।