যুক্তরাষ্ট্র ইরান সরকারের পতন ঘটাতে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টায় চীনসহ অন্যান্য দেশগুলোকেও আহ্বান জানানো হয়েছে। তবে, চলমান অচলাবস্থা কতদিন স্থায়ী হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি অর্থমন্ত্রী।
মার্কিন অর্থমন্ত্রী পূর্বে ইরানের অর্থনীতিতে সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ মূলত ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্য জোট গঠনের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।
এদিকে, চীন মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করেছে এবং অতিরিক্ত নিষেধাজ্ঞা চলমান বিরোধ মেটাতে ব্যর্থ হবে বলেও সতর্ক করেছে।
ইরান মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা, জাতীয় অখণ্ডতা এবং স্বার্থের ইস্যুতে তারা কখনোই নতি স্বীকার করবে না।