সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া সতর্কবার্তা দিয়েছেন। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ইসরায়েলের জন্য হুমকি তৈরি করলে তা মেনে নেওয়া হবে না।
নেতানিয়াহু জানান, বার্তাটি তুরস্কের কাছে পৌঁছে দেওয়া হলেও তারা তাতে গুরুত্ব দেয়নি। তাই বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝানোর ব্যবস্থা করা হয়েছে।
নেতানিয়াহুর এই সতর্কবার্তার একদিন আগে, ইসরায়েল উত্তর-পশ্চিম সিরিয়ার আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে হামলা চালায়। এই ঘাঁটিটি তুরস্কের সামরিক তৎপরতার অভিযোগের কেন্দ্রবিন্দু ছিল। হামলায় সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১৪ আগস্ট সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলের মোসাদ প্রধান রোমান গোফম্যানের ফোনালাপে সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতির বিষয়টি আলোচনা হয়।