যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড দাবি করে একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানের হায়দরাবাদ কনস্যুলেট।
কনস্যুলেটের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করে ইরানের নতুন ভূখণ্ড হিসেবে দাবি করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্টের প্রতিক্রিয়ায় এই দাবি করা হয়। ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির মানচিত্র প্রকাশ করেন, যেখানে কৌশলগত নৌপথটির নিচে লেখা ছিল 'নতুন মার্কিন ভূখণ্ড'।
এর জবাবে ইরানের হায়দরাবাদ কনস্যুলেট ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে একটি পোস্ট প্রকাশ করে।
উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্রে ইরানি বংশোদ্ভূত মানুষের সবচেয়ে বড় বসতি ক্যালিফোর্নিয়ায়, বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে। ইউসিএলের তথ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে প্রায় এক লাখ ৪১ হাজার ইরানি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক বসবাস করেন।