মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। নিউইয়র্কের ব্রুকলিনের আদালত মঙ্গলবার (১৮ নভেম্বর) ৩৩০ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্যমতে, আসিফ মার্চেন্টকে ইরানের রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে এই ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সোলেইমানি নিহত হন।
মার্চেন্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রে একজন রাজনীতিক বা সরকারি কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। মার্কিন কর্তৃপক্ষ জানায়, তার এই ষড়যন্ত্রে ইরানের সংশ্লিষ্টতা ছিল।
আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মার্চেন্ট দাবি করেন, তাকে রেভল্যুশনারি গার্ডসের হাত থেকে তার পরিবারের সুরক্ষার জন্য এই ষড়যন্ত্রে জড়াতে বাধ্য করা হয়েছিল। তিনি আরও জানান, কাউকে হত্যার আগে তিনি ধরা পড়বেন বলে ধারণা করেছিলেন।
মার্চেন্টের বক্তব্য অনুযায়ী, তাকে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়া হয়নি, তবে তিনি ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালির নাম উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার প্রচেষ্টায় যুক্ত একজন ইরানি এজেন্টকে দণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, বিদেশি সন্ত্রাসী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
মার্চেন্টকে ২০২৪ সালের ১২ জুলাই যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়।