মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে। তিনি বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল নিয়ে প্রচুর জাহাজ বের করে আনছে। তিনি দাবি করেন, ইরান তাদের রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মাইন ফেলার প্রচেষ্টা পুনর্নির্মাণের চেষ্টা করছিল, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের প্রচেষ্টাগুলি ধ্বংস করে দিয়েছে।
এছাড়া, ট্রাম্প হরমুজ প্রণালির নাম বদলে 'ট্রাম্প প্রণালি' রাখার প্রস্তাবও দিয়েছেন। হোয়াইট হাউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবর্তিত নামের মানচিত্রের ছবিও প্রকাশ করেছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেন, ইরানে যেকোনো সময় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র সবসময় প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেছেন যে, তেহরানকে সাহায্যকারী যেকোনো দেশ ওয়াশিংটনের নিষেধাজ্ঞার মুখে পড়বে।
এদিকে, ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই জানিয়েছেন, ওয়াশিংটন শিগগিরই তেহরানের যুদ্ধের নতুন কৌশল দেখবে।