মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে পুনরায় হামলার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। সোমবার কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে যুদ্ধ অবসানের পথে একটি ইতিবাচক গতি তৈরি হয়েছে। তিনি বলেন, "মধ্যপ্রাচ্য পরিস্থিতির কোনো পরিবর্তন হলে, আমেরিকা তার কাছে থাকা সর্বাধুনিক ও সেরা সামরিক সরঞ্জাম নিয়ে পুরোপুরি প্রস্তুত রয়েছে।"
এর আগে, ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আল থানি জানান, চুক্তিতে পৌঁছানো এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
এদিকে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই ওয়াশিংটনকে তেহরানের ৭টি শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ তুলেছেন।
ট্রাম্প আরও বলেন, "আমাদের মনে হয় না যে সেগুলো ব্যবহারের কোনো প্রয়োজন পড়বে। তবে, সবকিছু খুব ভালোভাবেই এগোচ্ছে। ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য এখন ইরানের বিপদ ও হুমকি থেকে সুরক্ষিত।"