নিরাপত্তা ঝুঁকি ও জরুরি প্রয়োজনে সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কারণে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয় দেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দফতর ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেয়। পোস্টে উল্লেখ করা হয়েছে, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া এবং ইয়েমেন এই ছয়টি দেশের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, এসব দেশে 'লেভেল-৪' সতর্কতা জারি রয়েছে, যার মানে হলো, কোনো কারণেই সেখানে ভ্রমণ করা উচিত নয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এসব স্থান বিপজ্জনক এবং নাগরিকদের কোনো অবস্থাতেই সেখানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়নি।
এছাড়া, আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ বর্তমানে মোট ২৩টি দেশকে সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার তালিকায় রাখা হয়েছে।