মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে ‘পরিবর্তনশীল’ উল্লেখ করে সতর্কবার্তা জারি করেছে।
দূতাবাসের এক বার্তায় বলা হয়, ইরানের সাম্প্রতিক পদক্ষেপের কারণে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। তাই নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে। তাই সম্ভাব্য ফ্লাইট বাতিল, বিলম্ব এবং আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, ইরান কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই অঞ্চলটির বিভিন্ন স্থানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মিশরের মতো আগে হামলার লক্ষ্যবস্তু না হওয়া এলাকাগুলোতেও হামলার পরিধি বাড়ানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে কোনো দেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হামলার শিকার না হলেও, সেটিকে ভবিষ্যতের নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে দেখা যাবে না। তাই মধ্যপ্রাচ্যের সব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখতে হবে।
এই সতর্কবার্তা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জারি করা হয়েছে। ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বিভিন্ন দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।