মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি’র সঙ্গে আলোচনা শেষে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প জানান, ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তিতে পৌঁছানোর এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেন, সামরিক দিক থেকে এই সংঘাত কার্যত শেষ হয়েছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ অবসানের পথে ইতিবাচক গতি তৈরি হয়েছে।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতির পরিবর্তন হলে যুক্তরাষ্ট্র তার সর্বাধুনিক সামরিক সরঞ্জাম নিয়ে প্রস্তুত রয়েছে, তবে মনে হয় সেগুলো ব্যবহারের প্রয়োজন হবে না।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান কোনো চাপ বা হুমকির কাছে মাথা নত করবে না। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধও নয়, শান্তিও নয়; এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই ওয়াশিংটনকে সাতটি শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ তুলেছেন।
এছাড়া, যুক্তরাষ্ট্র নিরাপত্তা ঝুঁকি ও কনস্যুলার সহায়তা প্রদানের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ইরান, ইরাক ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬টি দেশে ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে।