জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ফোরাম ‘মারগালা ডায়ালগ ২০২৬’–এ অংশ নিতে গেছেন।
এই সংলাপ আজ মঙ্গলবার শুরু হয়েছে এবং ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে। এবারের আসরে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, পূর্ব এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের নীতিনির্ধারক, শীর্ষ কূটনীতিক, শিক্ষাবিদ ও কৌশলগত বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন।
ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইপিআরআই)-এর উদ্যোগে ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে এই সংলাপের আয়োজন করা হচ্ছে। এটি বিশ্ব ও আঞ্চলিক ভূ-রাজনীতির সমসাময়িক প্রেক্ষাপটে একটি পরিচিত কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।
মারগালা ডায়ালগের মূল লক্ষ্য হলো আঞ্চলিক ও বৈশ্বিক নানা সংকট নিয়ে খোলামেলা আলোচনা করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ রূপরেখা তৈরি করা।