মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের হুমকির কারণে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে মার্কিন বিমান সরিয়ে নেওয়া হয়েছে।

ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সম্ভাব্য হুমকির কারণে যুক্তরাজ্যের দ্বিতীয় সামরিক ঘাঁটি থেকে মার্কিন বিমান সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের মিলডেনহল ঘাঁটি থেকে কয়েকটি সামরিক বিমান স্থানান্তরিত হয়।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, সরানো বিমানগুলোর মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত ট্যাঙ্কার বিমান। মার্কিন কর্মকর্তাদের মধ্যে ইরানের পক্ষ থেকে আসা হুমকির ধরন নিয়ে আলোচনা চলছে, তবে তাৎক্ষণিক হামলার আশঙ্কা রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

স্থানীয় সময় সোমবার সকালে, দু'টি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান জার্মানিতে স্থানান্তরিত হয়। পরে দিনভর আরও কয়েকটি ট্যাঙ্কার বিমান বিভিন্ন সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে সংবাদমাধ্যমটি এসব তথ্য প্রকাশ করেছে।

মার্কিন বিমানবাহিনী এই বিষয়ে কোন মন্তব্য না করলেও তারা জানিয়েছে, সামরিক বিমান ও অন্যান্য সরঞ্জাম নিয়মিত এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে স্থানান্তর করা হয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

গত মাসে, ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল, যা সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে তদন্তের কারণে করা হয়।

যুক্তরাজ্যের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ব্রিটেনসহ অন্যান্য দেশে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে, যার লক্ষ্য ছিল ইহুদি সম্প্রদায়। মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাজ্যে হামলার লক্ষ্যবস্তু আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ কর্মকর্তারা।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে সংঘাত অবসানের আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে সমঝোতায় পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘কার্যত শেষ’ বলেও মন্তব্য করেন।

বিজ্ঞাপন