রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা

জাতীয় নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন বিদেশি তৈরি হিউম্যানয়েড রোবট আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়।

নিষেধাজ্ঞার আওতায় হিউম্যানয়েড ও চার পায়ের রোবটের পাশাপাশি বিদ্যুৎ গ্রিডের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি ও ব্যাটারির সংযোগ স্থাপনে ব্যবহৃত নতুন পাওয়ার ইনভার্টার আমদানিও নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা দেশের এআই সরবরাহব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, "যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন নিজেদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে।" কমিশন জানিয়েছে, বিদেশে তৈরি এসব প্রযুক্তিপণ্য যুক্তরাষ্ট্রের সরবরাহব্যবস্থায় দুর্বলতা তৈরি করতে পারে, যা দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে।

নিষেধাজ্ঞাটি কেবল নতুন বিদেশি তৈরি উন্নত রোবট ও পাওয়ার ইনভার্টারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আগে এফসিসির অনুমোদন পাওয়া মডেলগুলোর বিক্রি কিংবা আমদানিতে কোনো বাধা নেই।

চীনা দূতাবাস এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তারা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বাণিজ্যিক বিষয়কে রাজনীতিকরণ করছে। চীনের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন যেকোনো পদক্ষেপের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বেইজিং।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে প্রযুক্তিগত প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ হতে পারে, কারণ চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দ্রুত হিউম্যানয়েড রোবট তৈরিতে অগ্রসর হচ্ছে।

বিজ্ঞাপন