শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের চীনা টেলিকম কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা

যুক্তরাষ্ট্র চীনা টেলিকম কোম্পানিগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করেছে।

যুক্তরাষ্ট্রের চীনা টেলিকম কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা

জাতীয় নিরাপত্তার ঝুঁকি ও প্রতারণামূলক স্বয়ংক্রিয় ফোনকল (রোবোকল) ঠেকাতে চীনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় দেশটির ফোন নম্বরে চীনা টেলিকম কোম্পানিগুলোর সরাসরি প্রবেশাধিকার বন্ধ করা হবে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) আগামী ১৯ নভেম্বর এই প্রস্তাবের অনুমোদনের জন্য ভোটাভুটির আয়োজন করবে। এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার জানিয়েছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও অবৈধ স্বয়ংক্রিয় ফোনকলকারীদের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

চীনের তিন বৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান: চায়না মোবাইল, চায়না টেলিকম ও চায়না ইউনিকমসহ অন্যান্য আইপি প্রযুক্তিনির্ভর সেবাদাতা প্রতিষ্ঠানের সরাসরি প্রবেশাধিকার বন্ধ করার প্রস্তাব রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে। মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার ধারণাকে অতিরঞ্জিতভাবে ব্যবহার করছে এবং চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করছে।

এফসিসি চীনা টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা নিয়ে থামছে না; বরং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত প্রতিষ্ঠানের তৈরি সরঞ্জাম ব্যবহার করে এমন আইপি-ভিত্তিক সেবাদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

২০২৮ সালের ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক পণ্য পরীক্ষার কাজে চীনের সব পরীক্ষাগারকে নিষিদ্ধ করার পরিকল্পনাও রয়েছে। চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ, তাদের কার্যক্রম জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

বিজ্ঞাপন