নেপালের পর এবার ভুটানে আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গাসা জেলার শিনতাফু হ্রদে হিমবাহের পানি উপচে পড়ায় এই বন্যা সৃষ্টি হয়।
বন্যার ফলে মো ছু নদীর তীরবর্তী জনপ্রিয় পর্যটনকেন্দ্রের প্রায় সব স্থাপনা ভেসে গেছে। তবে আগেই স্থানীয় বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাই প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
ভুটান সরকার ভারতের পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করেছে এই বন্যার প্রভাবে। এর ফলে পশ্চিমবঙ্গ ও আসামে সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, ভুটানের বন্যার পানি যে নদীপথ দিয়ে প্রবাহিত হচ্ছে, তা শেষ পর্যন্ত ব্রহ্মপুত্রের সঙ্গে মিশছে। বাংলাদেশের ক্ষেত্রে এই বন্যার ঝুঁকি সম্পর্কে এখনও কোনো সুনির্দিষ্ট সতর্কবার্তা পাওয়া যায়নি।
শিনতাফু হ্রদকে ভুটানের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ১৭টি হিমবাহ হ্রদের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে।