মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের দরপতন অব্যাহত রয়েছে, যা বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত শনিবার এক মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া যায় প্রায় ৩০ লাখ রিয়াল।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও ক্রমবর্ধমান অবরোধের কারণে ইরানে রিয়ালের মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে। মুক্তবাজার ট্র্যাকিং ওয়েবসাইট বোন-বাস্টের তথ্য অনুযায়ী, শনিবার এক মার্কিন ডলার ২৯ লাখ ৯২ হাজার রিয়ালে বিনিময় হয়েছে, যা শুক্রবার ছিল ২৯ লাখ ৩৮ হাজার।
অ্যালানচেন্ডের তথ্য অনুযায়ী, ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালের বিনিময়ে এক ডলার পাওয়া যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের আগে থেকেই ইরানের অর্থনীতিতে দুরাবস্থা চলছিল। যুদ্ধ শুরুর পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, যার অন্যতম কারণ মার্কিনিদের নৌ-অবরোধ। গত জুলাই থেকে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র, ফলে ইরান সমুদ্রপথে পণ্য আমদানি বা রপ্তানি করতে পারছে না।
বর্তমানে স্থলপথ ব্যবহার করে পণ্য আনা নেওয়া করা হচ্ছে, তবে যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রেও বাধা দিতে টাস্কফোর্স গঠন করেছে। গত ৯ মাস ধরে চলা ইরান যুদ্ধের ফলে দেশটিতে ভয়াবহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে।
এ সপ্তাহে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য হলো আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে ইরানকে বিচ্ছিন্ন করা এবং তাদের গোপন ব্যাংকিং নেটওয়ার্কগুলো বন্ধ করা।