যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত ইরানে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি।
তিনি জানান, গত ১৫ মাসের মধ্যে এবারই প্রথম দেশটির মূল্যস্ফীতিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগস্টে ইরানের পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ছিল ৮৪ দশমিক ৪ শতাংশ, যা সেপ্টেম্বরে সামান্য কমে ৮৩ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে।
হেম্মাতি বলেন, মূল্যস্ফীতি কমার হার খুব বেশি নয়, তবে দীর্ঘ সময় পর পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির প্রবণতা নিম্নমুখী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, ইরানের অর্থনীতির ওপর নতুন করে চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি ইরানের বন্দরগুলো ঘিরে নৌ অবরোধও চালু করেছে ওয়াশিংটন।
নতুন এই অর্থনৈতিক চাপ দেশটির সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে আগে থেকেই চাপে থাকা ইরানের অর্থনীতি যুদ্ধ পরিস্থিতিতে আরও সংকটের মুখে পড়েছে।
হেম্মাতির মতে, সেপ্টেম্বরে মূল্যস্ফীতির সামান্য পতনকে অর্থনীতিতে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। তার মতে, হার কমার পরিমাণ অল্প হলেও ধারাবাহিকভাবে নিম্নমুখী প্রবণতা তৈরি হওয়াটাই গুরুত্বপূর্ণ।