যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখেও দৃঢ় অবস্থানে রয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা দিয়ে ইরানের জনগণকে চাপে ফেলা যাবে, যারা এমনটা ভেবেছিল, তারা ‘ভুল হিসাব’ করেছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, নিষেধাজ্ঞার মাধ্যমে জনগণকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি। বরং এসব পদক্ষেপের মধ্য দিয়ে ইরান আরও আত্মনির্ভরশীল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে নিজের সক্ষমতার ওপর নির্ভর করা থেকে বিরত রাখতে চায়। তবে তেহরান দেশের জনগণের ওপর বিনিয়োগ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
পেজেশকিয়ান দাবি করেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল আঞ্চলিক দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে ফেলেছিল। তাদের ধারণা ছিল, ইরানের সরকার কয়েক দিনের মধ্যেই পতনের মুখে পড়বে। তবে সেই হিসাবও বাস্তবে মেলেনি।
তিনি বলেন, মার্কিন-ইসরায়েলি হামলার মুখেও ইরানের জনগণ দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও তারা একইভাবে প্রতিরোধ অব্যাহত রাখবে।
পেজেশকিয়ান আরও বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হলে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। তিনি উল্লেখ করেন, আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কোনো একক দেশের ‘পুলিশম্যান’ বা অভিভাবকের প্রয়োজন নেই।
ইরানের প্রেসিডেন্টের এসব মন্তব্য এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা এবং আঞ্চলিক সংঘাত নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। তেহরান বরাবরই বলছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।