রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার জানান, ইউরোপের সঙ্গে রাশিয়া কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না। ন্যাটো সদস্য দেশগুলোর সতর্কতার পর তিনি এই মন্তব্য করেন।
পুতিন বলেন, "রাশিয়ার কাছে উত্তেজনা বাড়ানোর কোনো বাস্তবসম্মত কারণ নেই।" তিনি ইউরোপের যেসব দেশ হামলার সতর্কতা দিয়েছে, তাদের সমালোচনা করেন।
এছাড়া, ইউক্রেনের সাম্প্রতিক হামলার পর নতুন করে শান্তি আলোচনা শুরুর বিষয়ে রাশিয়া নিজেদের অবস্থান পর্যালোচনা করছে বলেও জানান পুতিন। তিনি বলেন, "সব প্রস্তাবই আলোচনার টেবিলে রয়েছে।"
পুতিন আরও বলেন, "তথাকথিত যুদ্ধবিরতি এবং আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব, সব উদ্যোগই আলোচনার টেবিলে রয়েছে।" তবে তিনি উল্লেখ করেন, আলোচনা শুরু করার বিষয়সহ যাবতীয় সিদ্ধান্ত রুশ ফেডারেশনের স্বার্থের কথা বিবেচনা করেই নেওয়া হবে।
এদিকে, ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর ওপর রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করে আসছে পোল্যান্ড। পোল্যান্ডের প্রধানমন্ত্রী টাস্কের অভিযোগ, যুক্তরাষ্ট্র পুতিনকে জি-টোয়েন্টি সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে রুশ আগ্রাসনকে আরও উৎসাহিত করছে।